সাতক্ষীরায় গরু ব্যবসায়ীর লাশ
সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাঁড়ি গ্রামের সড়কের পাশের একটি বাগান থেকে হাফিজুর রহমান (৪০) নামের এক গরু ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
নিহত হাফিজুর সদর উপজেলার হাবাসপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। হাফিজুরের ভাই আসাবুর রহমানের ভাষ্য, সদর উপজেলার ধুলিহর গ্রামের এবাদুল ইসলাম ও আবাসপুর গ্রামের আবদুল মালেকের সঙ্গে হাফিজুর গত বুধবার গরু আনতে কুশখালি সীমান্তে যান। এরপর আর বাড়ি ফেরেনি তিনি। আজ সকালে গোবরদাঁড়ি গ্রামের বাগান থেকে পুলিশ বস্তাবন্দী একটি লাশ উদ্ধার করেছে বলে তাঁরা খবর পান। এরপর তিনি লাশটি তাঁর ভাই হাফিজুরের বলে শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, লাশের শরীর, মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো বলে সুরতহালে প্রতিবেদনে উল্লেখ করা হয়। লাশের অবস্থা থেকে ধারণা করা হচ্ছে, দু-এক দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এবাদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।