সাতক্ষীরায় গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাঁড়ি গ্রামের একটি বাগান থেকে গতকাল শুক্রবার সকালে এক গরু ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
ওই ব্যবসায়ীর নাম হাফিজুর রহমান (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
হাফিজুরের ভাই আসাবুর রহমান বলেন, উপজেলার ধুলিহর গ্রামের এবাদুল ইসলাম ও আবাসপুর গ্রামের আবদুল মালেকের সঙ্গে গত বুধবার তাঁর ভাই গরু আনতে কুশখালী সীমান্তে যান। গতকাল সকাল সাতটার দিকে গোবরদাঁড়ি গ্রামের ওই বাগান থেকে পুলিশ একটি বস্তাবন্দী লাশ উদ্ধার করে। সেখানে গিয়ে তিনি ভাইয়ের লাশ শনাক্ত করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, নিহত ব্যক্তির শরীর, মাথা ও পায়ে কাটা দাগ ও আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবারই হাফিজুরকে হত্যা করে লাশ বাগানে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আসাবুর রহমান তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গরু ব্যবসায়ী এবাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।