সাতক্ষীরায় ডিবির সঙ্গে 'সংঘর্ষে' নিহত ১
সাতক্ষীরায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে সংঘর্ষের সময় ‘গুলিবিদ্ধ’ হয়ে সন্দেহভাজন এক চোরাকারবারি নিহত হয়েছেন। সদর উপজেলার শিকড়ি সীমান্তের গজালিয়া বিলে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২৭)। তাঁর বাড়ি সদর উপজেলার কালিয়ানী গ্রামে। বাবার নাম রজব আলী।
ডিবির দাবি, মাদকদ্রব্য আটক করার সময় চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে মনির গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ডিবির দুই সদস্য আহত হন। তাঁরা হলেন সাতক্ষীরা ডিবির সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম ও কনস্টেবল আবদুর রহিম।
সাতক্ষীরা পুলিশ সুপারের দপ্তরের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের ভাষ্য, একদল চোরাকারবারি সীমান্ত পেরিয়ে মাদক নিয়ে সাতক্ষীরার দিকে আসছে বলে জানতে পারে ডিবি। রাত নয়টার দিকে ডিবির এসআই ইউনুস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকার দিকে রওনা দেয়। পথে কুশখালী সীমান্তের শিকড়ির কাছে গজালিয়া বিল এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে তাদের থামতে বলে পুলিশ। কিন্তু ওই সন্দেহভাজন ব্যক্তিরা না থেমে কয়েক বোতল ফেনসিডিল রেখে চলে যায়। কিছুক্ষণ পরে সন্দেহভাজন চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে ডিবির ওপর হামলা চালায়। তারা এএসআই আমিনুলকে পিটিয়ে আহত এবং কনস্টেবল রহিমকে কুপিয়ে জখম করে। আত্মরক্ষার্থে পুলিশ কয়েকটি গুলি ছোড়ে।
ডিবির দাবি, স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশের আহত দুই সদস্যকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কনস্টেবল রহিমকে খুলনায় স্থানান্তর করা হয়।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, পুলিশের গুলিতে দুই ব্যক্তি আহত হন। এর মধ্যে ঘটনাস্থলের পাশে এক বাড়িতে আশ্রয় নেন মনির। গভীর রাতে তাঁকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, মনিরকে মৃত অবস্থায় ভোররাত চারটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর বুকে গুলির চিহ্ন পাওয়া যায়।
মনিরের বাবা রজব আলীর দাবি, গতকাল দুপুরের দিকে তাঁর ছেলে মনির বাড়ি থেকে বের হন। আজ বুধবার ভোরে তিনি জানতে পারেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তাঁর ছেলে নিহত হয়েছেন।