সাতক্ষীরায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ১
সাতক্ষীরায় পুলিশের গুলিতে মিন্টু সরদার (৩৩) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তাদের ওপর বোমা হামলা চালান মিন্টু। পরে তারা গুলি চালায়। মিন্টুর দাবি, ঘুম থেকে ডেকে নিয়ে তাঁর পায়ে গুলি করেছে পুলিশ।
আজ শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে সাতক্ষীরা শহরের সাতক্ষীরা-খুলনা সড়কের একটি পেট্রলপাম্পের পাশে এ ঘটনা ঘটে। মিন্টুর বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায়।
সাতক্ষীরা পুলিশ সুপার দপ্তরের তথ্য কর্মকর্তা ও উপপরিদর্শক কামাল হোসেনের ভাষ্য, মিন্টু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ খবর পায়, একটি ফেনসিডিলের চালান আজ ভোররাতে শহরের পলাশপোল এলাকার একটি পেট্রলপাম্প এলাকা থেকে খুলনায় নিয়ে যাওয়া হবে। এ খবরের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক শাখাওয়াত হোসেন ও কাটিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল মান্নানের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় যায়। ভোর সোয়া পাঁচটার দিকে তারা দেখতে পায় দুটি মোটরসাইকেলে দুজন খুলনার দিক থেকে এসে ওই পেট্রলপাম্পের পাশে থামে। এ সময় একজন দুটি থলেভর্তি জিনিস তাঁদের দেয়। পুলিশ তাঁদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মোটরসাইকেল নিয়ে দুজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, গুলিবিদ্ধের নাম মিন্টু সরদার। তিনি একজন মাদক ব্যবসায়ী।
সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি মিন্টু সরদারের ভাষ্য, তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আজ ভোরে তাঁকে ডেকে তুলে বাড়িতে তল্লাশি করে ৪৫ বোতল ফেনসিডিল পায় পুলিশ। পরে তাঁকে চোখ বেঁধে ধরে নিয়ে যায়। ২০-২৫ মিনিট পরে তাঁর পায়ে পুলিশ গুলি করে। মিন্টু আরও জানান, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত ছয় মাস ধরে ফেনসিডিলের ব্যবসা করছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, মিন্টুকে আজ ভোর পাঁচটা ৫৫ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ডান পায়ের হাঁটুতে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
সাতক্ষীরা পুলিশ সুপার দপ্তরের তথ্য কর্মকর্তা ও উপপরিদর্শক কামাল হোসেন জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।