সাতক্ষীরায় বনদস্যু ও ইউপি সদস্য গ্রেপ্তার
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় গত সোমবার দুই দল বনদস্যুর মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ সন্দেহভাজন এক বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ে বনদস্যুদের সহযোগিতা করার অভিযোগে এক ইউপি সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাশ্বেখালী এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মুজিবর রহমান তালুকদার (৪০) ও আকবর হোসেন গাজী (৫৫)। মুজিবরের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামে। আকবর হোসেন শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি পাশ্বেখালী গ্রামের বাসিন্দা।
সুন্দরবনের দুজন জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, মঙ্গলবার রাতে সুন্দরবনে মাছ শিকারের সময় জেলেরা চোখের পাশে গুলিবিদ্ধ অবস্থায় মুজিবরসহ সন্দেহভাজন দুই বনদস্যুকে আটক করেন। গতকাল ভোরে পুলিশে দেওয়ার কথা বলে মুন্সিগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আকবর হোসেন গাজী ওই দুজনকে তাঁর জিম্মায় নিয়ে একজনকে ছেড়ে দেন। এ ঘটনা জানার পর ক্ষুব্ধ জনতা আকবর ও মুজিবরকে মারধর করে। পরে পুলিশ ওই দুজনকে আটক করে নিয়ে যায়। মুজিবর বনদস্যু নূর হোসেন বাহিনীর সদস্য। সোমবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে সুন্দরবনের গহিন অঞ্চলে বনদস্যু শামীম বাহিনী ও নূর হোসেন বাহিনীর ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনায় মুজিবরসহ দুজন গুলিবিদ্ধ হন। আকবর আলী গাজীর বিরুদ্ধে সুন্দরবনে জেলে অপহরণ করে জিম্মি করে রাখার পর মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ ঘটনায় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অহিদুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করেছেন। এতে ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।