সাতক্ষীরায় বাঘের চামড়া উদ্ধার, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে দুটি রয়েল বেঙ্গল টাইগারের চামড়া ও ১০টি গুলি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। 
আটক হওয়া ব্যক্তিরা হলেন বখতিয়ার উদ্দীন, গাজী সেলিম, মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম, ফারুক সানা ও আমিরুল ইসলাম।
র‌্যাবের দাবি, আটক হওয়া ব্যক্তিরা চোরাকারবারি দলের সদস্য।
এ উদ্ধার অভিযানে বরিশালের র‌্যাব-৮ ও খুলনার র‌্যাব-৬-এর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল অংশ নেয়।
এই র‌্যাব-৮-এর কর্মকর্তা মেজর আদনানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে শহরের ইটাগাছার সংগ্রাম টাওয়ারের সামনে অভিযান চালায় র‌্যাবের একটি দল। সেখান থেকে দুটি রয়েল বেঙ্গল টাইগারের চামড়া ও ১০টি গুলি উদ্ধার করা হয়। এ সময় ওই ছয়জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আজ শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের র‌্যাব-৬-এর অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।