সাতক্ষীরায় বিএনপির দুই নেতা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাতক্ষীরায় গত রোববার বিএনপির দুই নেতাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার এবং কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুগিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম।

সাতক্ষীরা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওসমান গনি জানান, রোববার দুপুরে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাতক্ষীরা বিচারিক হাকিম আদালতে আবদুস সাত্তার ও রবিউল ইসলামকে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক গোলাম নবী শুনানি শেষে আবদুস সাত্তারকে তিন দিন ও রবিউল ইসলামকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ধর্ষণের শিকার এক নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে যশোরে যাওয়ার পথে কলারোয়ায় বিএনপির নেতা-কর্মীরা তাঁর গাড়িবহরে হামলা চালান। ওই ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে কলারোয়া পৌরসভার বর্তমান মেয়র আক্তারুল ইসলামসহ বিএনপির ২৭ জন নেতা-কর্মীকে আসামি করে আদালতে মামলা করেন। কলারোয়া থানার ওসি ২০০৩ সালের ২৫ ডিসেম্বর ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেন। ২০০৪ সালের ২২ জানুয়ারি বাদী নারাজির আবেদন করেন। ওই বছরের ২২ এপ্রিল শুনানি শেষে মামলাটি নিষ্পত্তি হয়। পরে মামলার বাদী উচ্চ আদালতে আপিল করেন। উচ্চ আদালত ২০১৩ সালের ১৮ জুলাই বাদীর আগের দাখিল করা নারাজি আবেদন পুনর্বিবেচনার আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৫ অক্টোবর সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা কলারোয়া থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন।

এদিকে সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান হত্যা মামলায় আবদুস সাত্তার গত ১৫ ডিসেম্বর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। পরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। একই মামলায় রবিউল ইসলামকে গত নভেম্বরে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।