সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১
সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কবীর সরদার (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আশাশুনি-সাতক্ষীরা সড়কের কুলতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কবীরের স্ত্রীর দাবি, খেতে কাজ করার সময় পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। পুলিশের দাবি, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন।
কবীর সরদারের স্ত্রী শেফালী খাতুনের ভাষ্য, তাঁরা ৫০ জনের বেশি শ্রমিক আশাশুনি উপজেলার দাঁতপুর শেখের চরে কাজ করছিলেন। এরমধ্যে তাঁর স্বামীও ছিলেন। গতকাল দুপুর ১২টার দিকে কয়েকজন পুলিশ গিয়েতার স্বামীকে ধরে নিয়ে আসে। আজ ভোরে খবর পান গুলিবিদ্ধ অবস্থায় তাঁর স্বামীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ কবীর সরদারের বাড়ি আশাশুনি উপজেলার আঁগরদাড়ী গ্রামে। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের দাবি, ডাকাতির প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কবীর সরদারকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি এলজি, একটি রাম দা, একটি গুপ্তি ও একটি গুলি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডলের ভাষ্য, কবীর সরদারকে গতকাল দিবাগত রাত সোয়া দুটোর দিকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) শেখ আওয়াল কবীরের ভাষ্য, কবীর সরদার একজন ডাকাত। এ ঘটনায় থানার এসআই নাজমুল হুসাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন। গোলাগুলির সময় দুজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
কবীর সরদারের বিরুদ্ধে মামলা আছে কি না, জানতে চাইলে শেখ আওয়াল বলেন, খোঁজখবর নিয়ে পরে জানাবেন।