সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ২
সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদর ও শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় পৃথক ঘটনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে এসব ঘটনা ঘটে।
পুলিশের দাবি, আহত ব্যক্তিদের মধ্যে শামছুর রহমান ওরফে বুলবুল (৩০) জামায়াত নেতা। অপরজন কামরুল ইসলাম (৪০) সুন্দরবনের বনদস্যু বাহিনীর দ্বিতীয় প্রধান।
কলারোয়ায় গুলিবিদ্ধ ১
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে গতকাল দিবাগত রাত একটার দিকে কলারোয়া সদরে পুলিশ অভিযান চালায়। সেখানে গোপীনাথ এলাকার বিদ্যুেকন্দ্রের পাশ থেকে পুলিশকে লক্ষ্য করে একদল লোক ককটেল ও হাতবোমা ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় জামায়াত নেতা শামছুর গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়। শামছুরকে
সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মাসুদ করিম দাবি করেন, শামছুর কলারোয়া উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও উপজেলা জামায়াতের সাবেক সভাপতি। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ নাশকতা সৃষ্টি ও সরকারি গাছ কাটার অভিযোগে আটটি মামলা রয়েছে।
এ ব্যাপারে শামছুরের ভাষ্য, গতকাল রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গ্রামের বাড়ি খাজনা থেকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মারধর করা হয়। পরে চোখ বেঁধে থানার বাইরে নিয়ে গিয়ে দুই পায়ে গুলি করা হয়।
শ্যামনগরে গুলিবিদ্ধ ১
শ্যামনগর থানার ওসি আমিনুল ইসলামের ভাষ্য, গতকাল রাত ১০টার দিকে কামরুল ইসলামকে কালীগঞ্জ উপজেলা বাগমারী গ্রাম থেকে জনতার সহযোগিতায় আটক করা হয়।
কামরুলের বিরুদ্ধে দুটি ডাকাতিসহ মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনার একাধিক মামলা রয়েছে। কামরুলের দেওয়া তথ্য অনুযায়ী অনুযায়ী পুলিশ আলিম বাহিনীর প্রধান আলিমকে ধরতে তাঁকে নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। কলাগাছিয়া এলাকার টিয়া খালে গেলে বনদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বনদস্যুদের গুলিতে কামরুল গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আমিনুলের দাবি, কামরুলের কাছ থেকে একটি পাইপগান ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে কামরুলের ভাষ্য, তিনি বনদস্যু আলিম বাহিনীর সঙ্গে একসময় জড়িত ছিলেন। গতকাল সকালের দিকে তাঁকে কালীগঞ্জের বাগমারী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় নিয়ে পুলিশ তাঁকে গুলি করে।