সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের ছকুড়োর বিলে গতকাল রোববার সন্ধ্যায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মানব পাচারকারী বলছে পুলিশ।
গুলিবিদ্ধ তিনজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার আবদুল আলিম গাজী (৩০), কাসেমপুর গ্রামের আবদুস ছালাম (৪০) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিয়াউল হক (৩৫)। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের ভাষ্য, ছকুড়োর বিল এলাকায় একটি নির্মিতব্য ভবনের মধ্যে ভারতে পাচারের জন্য কয়েকজনকে জড়ো করা হয়েছে—এ সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আবদুল কালামের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় যায়। এ সময় ওই ভবনের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ১৫ মিনিট গুলিবিনিময়ের পর পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে নেওয়া ৩১ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ফরহাদ জামিল জানান, আবদুস ছালামের ডান পায়ে এবং আবদুল আলিম গাজী ও জিয়াউল হকের বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত।
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কুতুবউদ্দীন জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছকুড়োর বিল থেকে আট থেকে ১০টি গুলির শব্দ শোনা গেছে। তারপর সেখান থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ নিয়ে যায়।
সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোদাচ্ছের হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। পাচারের উচ্ছেদে নিয়ে আসা ৩১ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তিরা চিহ্নিত মানুষ পাচারকারী বলে তিনি দাবি করেন।
গুলিবিদ্ধ ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক জানান, তাৎক্ষণিকভাবে তিনি বলতে পারছেন না। খোঁজখবর নিয়ে জানাবেন।