সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১
সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত রফিকুল ইসলাম আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বাড়ি তালা উপজেলার নোওয়াকাটি গ্রামে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলামের ভাষ্য, উপজেলার কাসেমখোলা গ্রামে একটি ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার রফিকুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির কথা স্বীকার করেন। মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়। তারা উপজেলার উভয়তলা এলাকায় পৌছালে রফিকুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালানোর চেষ্টা করলে রফিকুল তাঁর সহযোগীদের গুলিতেই আহত হন। তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার ওসি তারিকুল ইসলাম জানান, রফিকুলের বিরুদ্ধে পাটকেলঘাট থানায় দুটি, কেশবপুর থানায় তিনটি, মনিরামপুর থানায় একটি, উভয়নগর থানায় একটি ও কলারোয়া থানায় একটিসহ ১০-১২টি ডাকাতির মামলা রয়েছে।