সাতক্ষীরার এসপি ও পাঁচ ওসিকে তিরস্কার ইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে সাতক্ষীরায় ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারার মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে শেষ করে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই ঘটনার জন্য গতকাল বুধবার সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) ও জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কমিশনে ডেকে তিরস্কার করেছে ইসি।
নির্বাচন কমিশন বলেছে, নির্দেশমতো কাজ না করলে আইন অনুযায়ী ওই এসপি ও পাঁচ ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২২ মার্চ ইউপি নির্বাচনের আগের রাতে সাতক্ষীরার পাঁচ থানার ১১টি ভোটকেন্দ্রে সন্ত্রাসীরা পুলিশের মতো পোশাক পরে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারে। অভিযোগ রয়েছে, কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের বাধা দেননি। ওই রাতে আরও তিনটি কেন্দ্র দখল করতে গেলে পুলিশ বাধা দেয়। এ ঘটনায় কমিশন এসব কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়। একই সঙ্গে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত এবং যাঁদের পক্ষে ব্যালট পেপারে সিল মারা হয়েছে, তাঁদের আসামি করে মামলা করার নির্দেশ দেয়। পুলিশ ওই নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টা পর মামলা করলেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি।
এ ঘটনার ব্যাখ্যা জানতে সাতক্ষীরার এসপি চৌধুরী মঞ্জুরুল কবির, শ্যামনগর থানার ওসি এনামুল হক, দেবহাটার মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সদরের এমদাদুল হক, কলারোয়ার আবু সালেহ মাসুদ করিম ও পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলামকে গতকাল কমিশনে তলব করা হয়। কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে গতকাল বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত কমিশন তাঁদের শুনানি নেয়।
শুনানিতে উপস্থিত কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বলেন, শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এসপির উদ্দেশে বলেন, আইন অনুযায়ী ভোট গ্রহণের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা কমিশনে পাঠাতে হয়। সবাই পাঠালেও তিনি কেন পাঠাননি? ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারা অপরাধীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চান সিইসি।
সিইসি সঠিকভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে নির্দেশ দেন। তিনি বলেন, নইলে সবাই বিপদে পড়বেন।
এসপি বলেন, দায়ী ব্যক্তিরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এরপর নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দিয়ে আসামিদের গ্রেপ্তার করতে হবে। নইলে আইন অনুযায়ী কমিশন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
শুনানি শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জুরুল কবির বলেন, ‘সার্বিক বিষয়ে একটাই কথা, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
পরে সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, কিছু কিছু ত্রুটির কারণে সাতক্ষীরার এসপি ও ওসিদের ডাকা হয়েছে। নির্বাচনে কোথায় অনিয়ম হয়েছে, সেটা তাঁদের ধরিয়ে দেওয়া হয়েছে। কোথায় কোথায় ভুল হয়েছে, সেটা তাঁরাও বুঝতে পেরেছেন। কমিশন অন্যায়কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। এসপি ও ওসিরা অঙ্গীকার করেছেন, এ ধরনের ভুল আর হবে না। তাঁরা বলেছেন, অপরাধীরা তাদের অপরাধ বুঝতে পেরে এলাকা থেকে সরে পড়েছে। সুযোগ পাওয়ামাত্র তাদের গ্রেপ্তার করা হবে।