সাতক্ষীরার দুই ব্যক্তি নিখোঁজ
সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের দুই ব্যক্তি গত শনিবার থেকে নিখোঁজ। খুলনা যাওয়ার পথে তাঁরা নিখোঁজ হন। পুলিশও তাঁদের কোনো খোঁজ দিতে পারছে না।
নিখোঁজ ব্যক্তিরা হলেন নূরুল বাসার (৩৩) ও মোস্তাফিজুর রহমান (৩২)। নূরুল বাসার সাতক্ষীরার ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার শিক্ষক। মোস্তাফিজ ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ঈদের পর মোস্তাফিজের বিয়ে হওয়ার কথা।
নিখোঁজ নূরুল বাসারের বাবা মো. বারী বলছেন, মোস্তাফিজের বিয়ে উপলক্ষে কেনাকাটা করার জন্য তাঁরা শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে খুলনার উদ্দেশে বের হয়। ওই দিন সকাল সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা শহরে পৌঁছালে তাঁরা মুঠোফোনে যোগাযোগ করেন। এরপর তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি।
মো. বারীর অভিযোগ, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার আশপাশ থেকে তাঁদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে তুলে নেওয়া হয়েছে। তাঁদের মোটরসাইকেলটি কোথায় তা-ও জানেন না। এ ঘটনায় এখনো তাঁরা থানায় অভিযোগ করেননি।
এ ব্যাপারে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বলেন, শনিবার সকালে ওই এলাকা থেকে ডিবি পরিচয়ে কাউকে তুলে আনা হয়নি। তাঁদের কাছে এ ব্যাপারে কোনো তথ্যও নেই।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনামুল হকও বলেন, তাঁরা এ ব্যাপারে কিছু জানেন না।