সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রবিউল হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে ভারতীয় এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম মামলাটি এজাহারভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও প্রতিবেদন দাখিল করতে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন যুগিখালি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান, পাঁচনল গ্রামের সোহাগ হোসেন, যুগিখালি গ্রামের সোহাগ দফাদার, আসাদুজ্জামান ও কদম আলী।

মামলার আরজিতে বলা হয়েছে, ওই নারীর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের একটি গ্রামে। সম্প্রতি যুগিখালি ইউনিয়নের একটি গ্রামের এক দিনমজুর ওই গ্রামে কাজ করতে যান। এই সুবাদে তাঁদের ঘনিষ্ঠতা হয়। কিছুদিন আগে দিনমজুরের সঙ্গে ওই নারী বাংলাদেশে আসেন। পরে তাঁরা বিয়ে করেন। ঘরসংসার করার একপর্যায়ে ইউপি চেয়ারম্যান রবিউল হাসান ওই দিনমজুর ও তাঁর স্ত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করেন। ৭ সেপ্টেম্বর রাত আটটার দিকে ওই দিনমজুরের বাড়ি যান। চেয়ারম্যান রবিউল তাঁদের বলেন, বাজারে পুলিশ এসেছে। দিনমজুর ও তাঁর স্ত্রীকে বাজারে যেতে হবে। পরে ইউপি চেয়ারম্যান তাঁদের স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে যান। সেখানে নিয়ে তাঁদের কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান থানার ওসির সঙ্গে কথা বলানোর নাম করে রাতেই ওই নারীকে কলারোয়ার ঝিকরা গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে প্রথমে চেয়ারম্যান রবিউল হাসান এবং পরে তাঁর সহযোগী সোহাগ হোসেন, সোহাগ দফাদার, আসাদুজ্জামান ও কদম আলী ওই নারীকে ধর্ষণ করেন। পরে গুরুতর অবস্থায় গভীর রাতে ওই নারীকে তাঁর স্বামীর বাড়ির আঙিনায় ফেলে রেখে যান। পরদিন ওই নারীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সুস্থ হয়ে কলারোয়া থানায় মামলা করতে গেল পুলিশ তা নেয়নি। পরে গৃহবধূর শাশুড়ি বাদী হয়ে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

ধর্ষণের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান রবিউল হাসান বলেন, ভারতীয় নাগরিক ওই নারী পাঁচ মাস আগে তাঁর ইউনিয়নের নাগরিক সনদের জন্য তাঁর কাছে আসেন। কিন্তু তাঁকে নাগরিক সনদ দেননি। এখন হঠাৎ শুনছেন, তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ ওই নারীর শাশুড়িকে দিয়ে এই মিথ্যা মামলা করিয়েছে।

কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। তবে আদালতের কোনো নির্দেশনা গতকাল শুক্রবার পর্যন্ত থানায় আসেনি।