সাতক্ষীরায় কৃষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার গোদাঘাটা গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা আবুল হাসান (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে খুন করেছে। বাধা দেওয়ায় তাঁর স্ত্রী সাফিয়া বেগমকেও (৩৮) কুপিয়ে জখম করা হয়। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন সাফিয়া বেগম জানান, ভোর সাড়ে চারটার দিকে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁর স্বামীকে কোপাতে শুরু করে। এ সময় স্বামীর চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। এতে বাধা দিলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে স্বামীর মৃত্যু হলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
সাফিয়া বেগম আরও জানান, আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের এক যুবকের সঙ্গে একসময় তাঁদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ওই যুবক মাস খানেক আগে তাঁকে (সাফিয়া) বিয়ের প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন। এর পর থেকে ওই যুবক স্বামীসহ তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হেকমত আলী বলেন, ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র ও একটি স্কুলব্যাগ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতক্ষীরা শহরের কুকরালি এলাকার ফুলি বিবিকে আটক করা হয়েছে। নিহত কৃষকের ছেলে মো. মিন্টু বাদী হয়ে জুয়েল নামের একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।