সাতক্ষীরায় গুলিতে যুবলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সদর উপজেলার আঁগড়দাড়ি ইউনিয়ন যুবলীগের নেতা কবিরুল ইসলাম (৩০)। আজ সোমবার রাত সাড়ে নয়টায় দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় তাঁকে গুলি করে হত্যা করা হয়। নিহত কবিরুল সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও আঁগড়দাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

নিহত কবিরুলের চাচা নজরুল ইসলাম জানান, কবিরুল সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার রবিউল ইসলামের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবিরুল ইসলাম মোটরসাইকেলে করে বাইরে থেকে গতকাল রাত সাড়ে নয়টার দিকে তাঁর বাসার সামনে দাঁড়ানোর সঙ্গে তাঁকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। তিনি গুলি লেগে পড়ে গেলে তারা আরও কয়েকটি গুলি করে পালিয়ে যায়। তাঁরা আরও জানান, স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ইকবাল মাহমুদ বলেন, নিহত কবিরুলের শরীরে ডান হাতে, বুকে, গলায় ও মাথায় চারটি গুলি লেগেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্যা কবিরুল হোসেন গুলিতে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
কবিরুলের বাবা সিরাজুল ইসলাম আঁগড়দাড়ি ইউপি আওয়ামী লীগের নেতা ছিলেন। তাঁকে ২০১৩ সালের ১২ ডিসেম্বর সদর উপজেলার কুচপুকুর গ্রামের বাড়ির ভেতরে দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করে।