সাতক্ষীরায় গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শহরতলির থানাঘাটা এলাকায় গত বুধবার সন্ধ্যায় এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের দুই ননদকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নিহত গৃহবধূর নাম রাহিনা সুলতানা (২০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের আজগর আলীর স্ত্রী ও শহরের কুকরালি গ্রামের আবদুস ছালামের মেয়ে।
রাহিনা সুলতানার বাবা সাতক্ষীরা শহরের কুখরালি গ্রামের আবদুস সালাম বলেন, দেড় বছর আগে থানাঘাটা গ্রামের মমতাজ আলীর ছেলে আজগর আলীর সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। চাকরির সুবাদে আজগর আলী ঢাকায় থাকেন। রাহিনাকে তাঁদের (আজগর) থানাঘাটার বাড়িতে রেখে যান। কিন্তু কারণে-অকারণে ননদ ও শাশুড়ি তাঁর মেয়ের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। গত বুধবার সন্ধ্যায় দুই ননদ ও শাশুড়ি তাঁর মেয়েকে বালিশচাপা দিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন।