সাতক্ষীরায় ঘেরের মধ্যে ছাত্রলীগ নেতার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় একটি চিংড়িঘের থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ওরফে ইমনের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের একটি ঘের থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসিবুলের লাশ উদ্ধার করা হয়। তিনি খুলনা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র ছিলেন।

হাসিবুল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন।

হাসিবুলের চাচা শেখ জাহাঙ্গীর হোসেন বলেন, গত সোমবার রাত নয়টা পর্যন্ত ইমন বাড়িতে ছিলেন। পরে বাইরে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি করেও রাতে তাঁর সন্ধান মেলেনি। এরপর সকালে তাঁরা জানতে পারেন, তাঁর লাশ আমতলা বিলের একটি ঘেরের মধ্যে পড়ে রয়েছে।

হাসিবুলের সঙ্গে কারও শত্রুতা বা কোনো রাজনৈতিক কোন্দল রয়েছে কি না, সে ব্যাপারে জানাতে পারেননি তাঁর পরিবারের সদস্যরা।

সদর থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা জানান, হাসিবুলের সঙ্গে থাকা মুঠোফোনের সূত্র ধরে তাঁকে শনাক্ত করা হয় যে তিনি জেলা ছাত্রলীগ নেতা। তাঁর শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই। তবে মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর তাঁর লাশ কে বা কারা ওই স্থানে ফেলে রেখে গেছে। ঘটনায় জড়িত সন্দেহে শহরের সুলতানপুর গ্রামের শেখ মুরাদ হোসেন ও শেখ বকতিয়ার রহমান নামের দুজনকে আটক করা হয়েছে।