সাতক্ষীরায় ছাত্রলীগের কাউন্সিল ঘিরে হামলায় আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিলকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত বুধবার রাতে এক পক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় কচুয়া গ্রামে পাঁচটি নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কচুয়া গ্রামের শাহারিয়ার হোসেন সরদার (২৫) ও চঞ্চল হোসেন সরদার (২৪)। তাঁরা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

হামলায় আহত ব্যক্তিদের মধ্যে কচুয়া গ্রামের উজ্জ্বল ঘোষ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ও কচুয়া সর্বজনীন দুর্গাপূজা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি। আশাশুনি পূজা উদ্‌যাপন পর্ষদের সভাপতি নীলকণ্ঠ সোম বলেন, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেনের নেতৃত্বে ও ইন্ধনে প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

আগামী রোববার কুল্লা ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিল হওয়ার কথা। দরগাহপুর গ্রামের খায়রুল ইসলাম সভাপতি পদে উজ্জ্বলের প্রতিপক্ষ প্রার্থী। খায়রুল উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেনের ভাগনে।

উজ্জ্বল ঘোষ বলেন, বুধবার রাত ১২টার দিকে তিনি কচুয়া বাজার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। কচুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে চারটি মোটরসাইকেল দিয়ে খায়রুল, চঞ্চল, শাহারিয়ারসহ কয়েকজন তাঁর গতিরোধ করেন। সেখানে তাঁকে রড ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। চিৎকার শুনে পলাশ, সুমন ও কালিপদ ছুটে এলে তাঁদেরও পিটিয়ে জখম করা হয়। এ সময় তাঁদের মুঠোফোন ও টাকা কেড়ে নেওয়া হয়। পরে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

দীপঙ্কর ঘোষ ও বিশ্বজিৎ ঘোষ বলেন, এ ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে ৩০-৪০টি মোটরসাইকেলে করে একদল লোক গিয়ে ঘোষপাড়া ঘিরে ফেলেন। তাঁরা সেখানে আতঙ্ক তৈরি করেন। খবর পেয়ে আশাশুনি থানার এসআই বিশ্বজিৎ অধিকারী ঘটনাস্থলে আসেন। তিনি চলে যাওয়ার পর কচুয়া সর্বজনীন দুর্গামন্দির-সংলগ্ন নির্মাণাধীন পাঁচটি প্রতিমা ভাঙচুর করে চলে যান মোটরসাইকেল আরোহীরা।

তবে দেলোয়ার হোসেন বলেন, তাঁকে ও তাঁর ভাগনেকে ফাঁসানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপির একটি পক্ষ মিলে প্রতিমা ভাঙচুর করে।

খায়রুল ইসলাম বলেন, বিএনপি ও আওয়ামী লীগের একটি পক্ষ উজ্জ্বলের পক্ষ নিয়ে প্রতিমা ভাঙচুর করেছে। এর সঙ্গে তাঁরা জড়িত নন।

উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছেন, তিনি জানেন না।