সাতক্ষীরায় জামায়াতের ৯ কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে জামায়াতে ইসলামীর নয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে উপজেলার নলতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের মো. আবু বকর (৭০), আবদুর সবুর শেখ (৪১), উত্তর কাজলা গ্রামের আবদুল গফফার (৬০), সেহেরা গ্রামের আবদুস সোহবান (৫৬), মো. রফিকুল ইসলাম (৪৫), হজরত আলী গাজী (৬০), মাগরিব গ্রামের ইউনুছ আলী (৪৭), রমজান আলী সরদার (৫০) ও মোহরম হোসেন (৫১)।
গ্রেপ্তার আবদুর সবুর শেখ ও আবদুল গফফার বলেন, তাঁরা একসময় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৪ সালের পর থেকে আর রাজনীতি করেন না। মামলা থাকায় তাঁরা আত্মগোপনে ছিলেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামায়াতের কর্মী। অনেক দিন ধরে তাঁরা গোপনে বিভিন্ন স্থানে সভা করে সরকারবিরোধী ষড়যন্ত্র করছিলেন। তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুটি করে মামলা রয়েছে। কাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।