সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমানকে মারধর করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নানের নেতৃত্বে তাঁকে বের করে দেওয়া হয়।
মাহবুবুর রহমান জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদের আস্থাভাজন বলে পরিচিত। গত বুধবার জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মুনসুর আহম্মেদ পরাজিত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, একজন যুবলীগ কর্মী গতকাল বেলা ১১টার দিকে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমানের কক্ষে গিয়ে তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে জেলা পরিষদের প্রধান ফটকের তালা খুলতে বাধ্য করেন। বেলা সাড়ে ১১টার দিকে জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নানসহ কয়েকজন তাঁর কক্ষে ঢোকেন। আবদুল মান্নাসহ ওই ব্যক্তিরা তাঁকে গালিগালাজ করেন। পরে তাঁকে টেনেহিঁচড়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
মাহবুবুর রহমান বলেন, আবদুল মান্নানসহ ৩০-৪০ জন তাঁকে চেয়ার থেকে তুলে নিয়ে এসে কিল, চড়-থাপ্পড় মেরেছেন। একপর্যায়ে তাঁকে অফিস থেকে বের হয়ে যেতে বাধ্য করেছেন। তাঁকে বাঁচাতে এলে অফিসের তিনজন কর্মচারীও মারধরের শিকার হন। ঘটনার পরপরই জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও উপসচিব এ এন এফ মইনুল হোসেন এবং জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনকে বিষয়টি জানানো হয়। এর এক ঘণ্টা পর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকাত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ এসে তাঁকে ডেকে পাঠান। সেখানে গেলে নজরুল ইসলাম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান বলেন, জেলা পরিষদের পুকুরটিতে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে গোসল করেন। কিন্তু মাহবুবুর রহমান প্রধান ফটকে তালা দিয়ে স্থানীয় মানুষকে ঢুকতে দেন না। এলাকাবাসী তাঁকে দিয়ে তালা খুলে নিয়েছেন। তাঁকে মারধর করা হয়নি। তাঁর দুর্নীতি ও অনিয়মের কারণে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মুনসুর আহম্মেদের ভরাডুবি হয়েছে। তিনি জেলা পরিষদকে পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছেন।
জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী নজরুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি শোনার পর জেলা পরিষদে গিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেছেন। সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে কাজ করতে হবে।
উপসচিব ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এ এন এফ মইনুল হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে তদন্ত না করে কিছু বলা যাবে না।