সাতক্ষীরায় দরপত্র জমা দিতে ছাত্রলীগের বাধা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের ১ কোটি ৩০ লাখ টাকার দরপত্র জমাদানে ছাত্রলীগ, যুবলীগ, তাঁতী লীগের নেতা-কর্মীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দরপত্র বিক্রি হয় ৯৭টি। কিন্তু গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় মাত্র ছয়টি দরপত্র জমা পড়ে।

সিভিল সার্জন ও তাঁর কার্যালয়ের হিসাবরক্ষকের সঙ্গে কয়েকজন ঠিকাদারের সমঝোতার অভিযোগ পাওয়া গেছে। ওই ঠিকাদারদের সহযোগিতা দিচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। এদিকে দরপত্র বাতিলের দাবিতে একজন ঠিকাদার সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ওষুধপথ্য, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ, পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক সামগ্রী, এমএসআর আসবাব সামগ্রী এবং এমএসআর যন্ত্রপাতি মেরামতের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এই দরপত্র আহ্বান করা হয়। প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার এসব কাজের জন্য ২৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান ৯৭টি দরপত্র কেনে। এর মধ্যে সাতটি গ্রুপের মধ্যে ছয়টিতে একটি করে দরপত্র জমা পড়েছে। এমএসআর যন্ত্রপাতি মেরামত গ্রুপে কোনো দরপত্র জমা পড়েনি।

গতকাল বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সিভিল সার্জন কার্যালয়ের প্রাচীরের বাইরে ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতী লীগের নেতা-কর্মীসহ অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন। প্রধান ফটকে পুলিশ দাঁড়ানো।

নাম প্রকাশ না করার শর্তে দু-তিনজন ঠিকাদার বলেন, সরকারের বরাদ্দের ১ কোটি টাকার বেশি উন্মুক্ত দরপত্র হলে কমপক্ষে তিনটি স্থানে দরপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু সাতক্ষীরা সিভিল সার্জন তা না করে শুধু তাঁর দপ্তরে দরপত্র জমা নিয়েছেন। গতকাল নির্ধারিত সময়ে দরপত্র জমা দিতে সিভিল সার্জন কার্যালয়ে গেলে ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন, সাধারণ সম্পাদক এহছান হাবিব, তাঁতী লীগের সভাপতি মীর আজাহার ও সাধারণ সম্পাদক তৌহিদ হাসানসহ ৩০-৩৫ জন তাঁদের বাধা দেন। এমনকি প্রধান ফটকে পুলিশও তাঁদের আটকে দেয়। ভেতরে যেতে দেওয়া হয়নি।

খুলনার বৈকালী লাকি মেডিসিন সাপ্লাই প্রতিষ্ঠানের মালিক মো. আবদুর রশিদ বলেন, তিনি সাতটি গ্রুপের দরপত্র জমা দেওয়ার জন্য কৌশলে সিভিল সার্জন কার্যালয়ের ভেতরে যান। কিন্তু সেখানে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁর দরপত্রগুলো ছিনিয়ে নেন। তা ছাড়া, তাঁর ভাগনে মো. হুসাইন কবীরকে আটকে মারধর করা হয়।

সাতক্ষীরা জেলা পরিষদের মহিলা সদস্য আইনজীবী শাহনেওয়াজ পারভিন বলেন, তিনি সাইফুল ইসলাম ট্রেড লিমিটেডের পক্ষে দরপত্র জমা দিতে যান। ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতী লীগের নেতা-কর্মীরা তাঁকে দরপত্র জমা না দিতে অনুরোধ করেন। পরে সিভিল সার্জন কার্যালয়ে ঢুকতে গেলে প্রধান ফটকে পুলিশ তাঁকে আটকে দেয়।

খুলনার শাহিন এন্টারপ্রাইজের পক্ষে শেখ নাহিদুল ইসলাম ও ঢাকা জেড ইন্টারন্যাশনালের পক্ষে এনামুজ্জামান বলেন, প্রথমে ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতী লীগের নেতা-কর্মীরা তাঁদের সিভিল সার্জন চত্বরে ঢুকতে দেননি। পরে পুলিশও বাধা দেয়।

সাতক্ষীরার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী জাকারিয়া রহমান জানান, ১ কোটি টাকার ওপর সরকারের নিজস্ব টাকার কাজ হলে নিয়ম হচ্ছে কমপক্ষে তিন স্থানে দরপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা।

সাতক্ষীরা থেকে প্রকাশিত আজকের সাতক্ষীরার প্রতিবেদক বেলাল হোসেন বলেন, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা একজন ঠিকাদারকে সিভিল সার্জন অফিসে ঢুকতে বাধা দিচ্ছিলেন। এ সময় তিনি মুঠোফোনে ছবি তোলেন। পরে যুবলীগের কর্মী নূর আলম তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে ওই ছবি মুছে দেন।

সাতক্ষীরা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন ও সাধারণ সম্পাদক এহছান হাবিব বলেন, তাঁরা কোনো ঠিকাদারকে বাধা কিংবা মারধর করেননি। অনেকে গিয়েছিলেন, তাই তাঁরাও সেখানে গিয়েছিলেন। জেলা যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন বলেন, তিনিও গিয়েছিলেন। তবে কাউকে বাধা দেননি।

যুবলীগ কর্মী নূর আলম বলেন, তিনি কোনো সাংবাদিকের মুঠোফোন ছিনিয়ে নিয়ে ছবি মুছে দেননি।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষক আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি।

সিভিল সার্জন অফিস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, পুলিশ কেন বাধা দিতে যাবে!

সিভিল সার্জন তওহীদুর রহমান বলেন, তাঁর কার্যালয়ে কোনো ধরনের গন্ডগোল হয়নি। কারও সঙ্গে সমঝোতার অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে দুপুর ১২টায় দরপত্র জমা দেওয়ার সময় শেষ হলে আবদুর রশিদ নামের একজন তাঁর কাছে অভিযোগ দিয়েছেন।