সাতক্ষীরায় দুর্গা মণ্ডপে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া হাইস্কুল-সংলগ্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোররাতের কোনো একসময় প্রতিমা ভাঙচুর করা হয়।

বাবুলিয়া হাইস্কুল সার্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অরুবিন্দ মণ্ডল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তমকুমার পাল বলেন, গত শুক্রবার রাতে দুর্গা মণ্ডপের সব প্রতিমার রং করার কাজ শেষ হয়। এরপর প্রতিমা কাপড় দিয়ে মোড়ানো ছিল। পূজা কমিটির সদস্য অমল পাল, গোপাল কর্মকার, সুমন ঘোষ ও গোবিন্দ ঘোষ গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটা পর্যন্ত পূজা মণ্ডপে ছিলেন। তারপর তাঁরা বাড়িতে চলে যান। আজ সকালে গিয়ে দেখা যায়, দুর্গা ও গণেশের প্রতিমা ছাড়া অন্য প্রতিমাগুলো কম-বেশি ভাঙচুর করা হয়েছে। বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের জানানো হয়।

সাতক্ষীরা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপনকুমার শীল বলেন, পরিকল্পিতভাবে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। এর আগে ৬ অক্টোবর আশাশুনি উপজেলার প্রতাপনগর কর্মকারপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপে ১৪টি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, তিনি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।