সাতক্ষীরায় দুর্গা মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর কর্মকারপাড়ার দুর্গামন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এসব প্রতিমা ভাঙচুর করা হয়।
এ বিষয়ে কর্মকারপাড়া দুর্গামন্দিরের সভাপতি অমিত সোম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ১৯ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হবে। এ উপলক্ষে প্রতিমা তৈরির কাজ গত শনিবার শেষ করা হয়। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত তাঁরা মন্দির এলাকায় ছিলেন। এরপর সবাই বাড়ি চলে যান। গতকাল সকালে এসে দেখতে পান দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, মহাদেব, গণেশসহ ১৪টি প্রতিমার মাথা, হাত ও অন্যান্য অংশ কে বা কারা ভেঙে গেছে।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বলেন, তিনি গতকাল সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন। আবারও প্রতিমা তৈরির জন্য মন্দির কমিটিকে অনুরোধ জানিয়েছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকমল হুদা বলেন, প্রতিমা ভাঙচুরের এই ঘটনায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।