সাতক্ষীরায় পত্রিকা কার্যালয়ে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ভারপ্রাপ্ত সম্পাদককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় সাংসদের ভাইসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় গত মঙ্গলবার রাতে মামলা হয়েছে। এর আগে একই দিন সাংসদের ভাই বাদী হয়ে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা করেছেন। এতে ভারপ্রাপ্ত সম্পাদককেও আসামি করা হয়েছে।

পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান বলেন, গত সোমবার রাত ১১টার দিকে শহরের মুনজিতপুর এলাকার বাসিন্দা ও সদর আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদের ভাই মীর মাহমুদ হাসান, মীর ময়নুল ইসলাম ও একই এলাকার সৈয়দ শফিকুল আলম এবং অজ্ঞাতনামা চার-পাঁচজন পত্রিকার কার্যালয়ে ঢোকেন। তাঁরা নানা হুমকি–ধমকি দেন। কম্পিউটার, প্রিন্টার মেশিন, ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। এ সময় তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে মীর মাহমুদ হাসান তাঁর (হাফিজুর) মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, তোদের জীবন শেষ করার জন্য এই পিস্তলের দুটি গুলিই যথেষ্ট। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।

এ ঘটনায় পত্রিকাটির সার্কুলেশন ম্যানেজার আমীর হোসেন খান চৌধুরী বাদী হয়ে মামলা করেছেন।

অভিযোগ অভিযোগ অস্বীকার করে মীর মাহমুদ হাসান বলেন, ওই পত্রিকার সহকারী সম্পাদক তাঁকে অফিসে ডেকে নিয়ে মারধর করেছেন। এ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান তহিদুরকে সহযোগিতা করেন। এ ছাড়া তহিদুর রহমান তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছেন।