সাতক্ষীরায় পুরোহিত ও কিশোরগঞ্জে সেবায়েতকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রেস্তোরাঁয় জঙ্গি হামলা ও জিম্মি সংকটের মধ্যেই শুক্রবার গভীর রাতে সাতক্ষীরায় একটি মন্দিরের পুরোহিত ও কিশোরগঞ্জ শহরে একটি মন্দিরের এক সেবায়েতকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরায় হামলার শিকার হয়েছেন সদর উপজেলার ব্রহ্মরাজপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বর (৪৮)। গতকাল শনিবার সকালে তাঁকে হেলিকপ্টারে করে ঢাকা এনে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার বিবেকানন্দ পাঠাগার ও মন্দিরের সেবায়েত পলাশ চক্রবর্তীর (৫৫) ওপর হামলা চালায় রাত সাড়ে ১২টার দিকে। তাঁর আঘাত গুরুতর নয়।
সাতক্ষীরা: সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের হাজারিলাল বরের ছেলে ব্রহ্মরাজপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বর ছয় বছর ধরে সপরিবার ওই মন্দিরে বাস করে আসছেন। তাঁর স্ত্রী সুমিত্রা ধর জানান, রাত সাড়ে তিনটার দিকে হাফপ্যান্ট পরা ও মুখে কালো কাপড় বাঁধা সাত-আটজন দুর্বৃত্ত মন্দিরের পাহারায় থাকা দুই চৌকিদারকে বেঁধে ফেলে তাঁর স্বামীকে ডেকে ওঠায়। এ সময় তাঁর স্বামী ঘর থেকে বের হওয়ামাত্র দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে তিনি মারা গেছেন ভেবে দুর্বৃত্তরা তাঁকে ফেলে রেখে চলে যায়। এরপর ঘর থেকে বের হয়ে সুমিতা ধর চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর স্বামীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস বলেন, ভোর সাড়ে চারটার দিকে ভবসিন্ধু বরকে পুলিশ হাসপাতালে ভর্তি করে। তাঁর বুকের ডান ও বঁা পাশ এবং পিঠ ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া তাঁর বঁা হাত ও মাথায় ক্ষত রয়েছে।
অস্ত্রোপচার শেষে হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক হাসানুজ্জামান ও অর্থোপেডিক বিশেষজ্ঞ মাকসুদুল আনাম জানান, ভবসিন্ধুর শরীরের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত করা হয়েছে। যারা হামলা চালিয়েছে, তারা পেশাদার বলে ধারণা করা হচ্ছে। ভবসিন্ধুর বুকের ডান পাশের আঘাতটা গুরুতর। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়েছে।
গতকাল বিকেলে ঢাকায় ভবসিন্ধুর সঙ্গে যাওয়া সাতক্ষীরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শেখ আনছার আলী মুঠোফোনে বক্ষব্যাধি হাসপাতালের সহযোগী অধ্যাপক চিকিৎসক ইকরামুল হকের উদ্ধৃতি দিয়ে বলেন, ভবসিন্ধু বর্তমানে আশঙ্কামুক্ত।
পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির উজ জামান বলেন, শুক্রবার ঝিনাইদহের সেবায়েতকে যেভাবে হত্যা করা হয়, তার সঙ্গে এ ঘটনার মিল রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্রহ্মরাজপুর এলাকার আলমগীর হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। গতকাল রাত আটটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
কিশোরগঞ্জ: শহরের নগুয়া এলাকার বিবেকানন্দ পাঠাগার ও মন্দিরের সেবায়েত পলাশ চক্রবর্তী জানান, মন্দিরের পাশের একটি বাড়িতে পরিবার-পরিজন নিয়ে তিনি বসবাস করে আসছেন। রাত সাড়ে ১২টার দিকে তাঁর বাড়ির দেয়াল টপকে মুখোশধারী এক দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। দরজায় নক করার পর পলাশ হাতে একটি রড নিয়ে বসতঘরের দরজা খোলেন। সঙ্গে সঙ্গে চাপাতি নিয়ে মুখোশধারী ওই দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে পলাশের ডান হাতে চাপাতির আঁচড় লাগে। একপর্যায়ে পলাশ তাঁর হাতে থাকা রড দিয়ে দুর্বৃত্তকে আঘাত করতে গেলে দেয়াল টপকে সে পালিয়ে যায়। এ সময় বাড়ির দেয়ালের পাশে অবস্থানরত আরও দুই দুর্বৃত্তকেও পালিয়ে যেতে দেখেন বলে পলাশ জানান।
খবর পেয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গতকাল সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
বরগুনায় পুরোহিতকে হুমকি: বরগুনা প্রতিনিধি জানান, শহরের কালীবাড়ি সর্বজনীন মন্দির পরিচালনা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানান, মন্দিরের পুরোহিত রামপ্রসাদ চক্রবর্তী গতকাল সকাল ১০টার দিকে মন্দিরে ঢুকে সেখানে একটি কাগজ পড়ে থাকতে দেখেন। পরে তিনি কাগজটি তুলে দেখেন, সেটি একটি চিঠি। তাতে রামপ্রসাদকে হত্যার হুমকি দেওয়া হয়।
রামপ্রসাদ চক্রবর্তী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, চিঠিটি পাওয়ার পরই তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্যদের জানান। পরে জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুখরঞ্জন শীলসহ অন্যদের নিয়ে দুপুরে বরগুনার এসপির কাছে গিয়ে তিনি বিষয়টি জানান। এসপি চিঠিটি রেখে দেন এবং সাবধানে থাকতে বলেন।
এসপি বিজয় বসাক প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং সে অনুযায়ী তদন্ত করা হচ্ছে। পুরোহিত ও তাঁর পরিবারের নিরাপত্তার ব্যাপারে পুলিশ সার্বক্ষণিক নজর রাখছে।’