সাতক্ষীরায় পুরোহিতকে কুপিয়ে হত্যার চেষ্টা

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৪৮) আজ শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে কুপিয়ে হত্যা করার চেষ্টা চালানো হয়েছে।
আহত পুরোহিত ভবসিন্ধু বর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়ি একই উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে। পাঁচ বছর ধরে তিনি ওই মন্দিরে পুরোহিতের কাজ করছেন। স্ত্রী ও ছেলেকে নিয়ে মন্দিরেই থাকতেন।
পুরোহিতের স্ত্রী সুমিত্রা বরের ভাষ্য, হাফপ্যান্ট পরা ও মুখে কালো কাপড় বাঁধা সাত-আটজন দুর্বৃত্ত ওই মন্দিরে পাহারায় থাকা দুই চৌকিদারকে বেঁধে ফেলে। পরে তাঁর স্বামীকে (পুরোহিত) ডাক দেয়। পুরোহিত ঘর থেকে বের হওয়া মাত্র দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে মারা গেছেন ভেবে দুর্বৃত্তরা তাঁকে ফেলে রেখে চলে যায়। এ সময় ঘর থেকে বেরিয়ে পুরোহিতের স্ত্রী চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর স্বামীকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
খুলনা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামান বলেন, যারা ২০১৩ সালে এই অঞ্চলে বর্বরতা চালিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি ধারণা করছেন। গতকাল শুক্রবার ঝিনাইদহে সেবায়েত হত্যার ঘটনার সঙ্গে এই ঘটনার মিল রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, হত্যাচেষ্টার এক ঘণ্টা আগে দুর্বৃত্তরা ওই মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে কালেরডাঙ্গা মোড়ে আবদুল মাজেদের বাড়িতে ডাকাতি করে। সেখানে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে দুর্বৃত্তরা স্বর্ণালংকারসহ কিছু টাকা নিয়ে যায়। এরপর তারা পুরোহিতকে হত্যা করার চেষ্টা চালায়। তিনি বলেন, আবদুল মাজেদ তাঁকে জানিয়েছেন, ডাকাতদের পরনে কালো প্যান্ট ও মুখে কালো কাপড় বাঁধা ছিল। আবদুল মাজেদের সঙ্গে পুরোহিতের স্ত্রী সুমিত্রার বর্ণনার মিল রয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা পরিমল কুমার বিশ্বাস বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে পুলিশ পুরোহিত ভবসিন্ধু বরকে হাসপাতালে ভর্তি করে। তাঁর ডান ও বাঁ বুকে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। তাঁর বাঁ হাত ও মাথায় ক্ষত রয়েছে। তাঁর অস্ত্রোপচার করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মাকসুদুল আনম জানান, দুর্বৃত্তরা পেশাদার বলে ধারণা করা হচ্ছে। যেভাবে পুরোহিতকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত করা হয়েছে, এতে তারা পেশাদার বলে সহজে অনুমান করা যায়। তাঁর ডান পাশের বুকের ওপরের আঘাতটা গুরুতর। তিনি আশঙ্কামুক্ত নন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
খুলনা রেঞ্জের ডিআইজি বলেন, এ ঘটনার পর আজ সকাল থেকে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান শুরু হয়েছে। পুরোহিতকে হেলিকপ্টারে করে ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।