সাতক্ষীরায় পুলিশ ও চোরাচালানি সংঘর্ষ একজন নিহত
সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি সীমান্তে গত মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চোরাচালানিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন গাজী নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন পুলিশের দুই সদস্যসহ তিনজন। এ ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।
নিহত মনির (২৪) সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী গ্রামের রজব আলী গাজীর ছেলে। পুলিশের দাবি, তিনি একজন চোরাচালানি। তবে তাঁর পরিবার বলছে, তিনি কৃষিকাজ করতেন।
আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপপুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, কনস্টেবল আবদুর রহিম ও সাইফুল হোসেন। গুলিবিদ্ধ সাইফুল উপজেলার শিকড়ি গ্রামের জামাত আলীর ছেলে।
সাতক্ষীরা পুলিশ সুপার দপ্তরের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের ভাষ্য অনুযায়ী, একদল চোরাচালানি সীমান্ত পেরিয়ে ফেনসিডিল নিয়ে সাতক্ষীরার দিকে আসছে—এমন খবরের ভিত্তিতে ডিবির এসআই ইউনুস আলীর নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার পুশখালি ইউনিয়নের শিকড়ি গ্রামের শিকড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে অবস্থান নেয়। রাত নয়টার দিকে ১০-১২ জন চোরাচালানি মাথায় করে পাঁচ বস্তা ফেনসিডিল নিয়ে শিকড়ি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ডিবি পুলিশ তাদের থামতে বলে। কিন্তু তারা না থামলে পুলিশ তাদের ধাওয়া করে। তখন চোরাচালানি দলটি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর পাল্টা হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে। তারা কনস্টেবল আবদুর রহিমকে কুপিয়ে ও এএসআই আমিনুল ইসলামকে পিটিয়ে আহত করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে কয়েকটি গুলি ছোড়ে।
গতকাল বুধবার ঘটনাস্থলে গেলে স্থানীয় কয়েকজন জানান, রাতে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে দুজন আহত হন। এর মধ্যে মনির ঘটনাস্থলের পাশেই একজনের বাড়িতে আশ্রয় নেন। পরে গভীর রাতে পুলিশ মনিরকে আটক করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মনিরের মা হাফিজা খাতুন বলেন, মঙ্গলবার বিকেলে তাঁর ছেলে বাড়ি থেকে বের হন। পরে বুধবার ভোরে শুনেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে তাঁর ছেলে মারা গেছেন। কিন্তু প্রকৃত ঘটনা কী, তা তিনি জানেন না। তিনি দাবি করেন, তাঁর ছেলে চোরাচালানির সঙ্গে জড়িত ছিলেন না। কৃষিকাজ করতেন।
সদর হাসপাতালের চিকিৎসক মোয়াজ্জেম হোসেন জানান, মনিরকে মৃত অবস্থায় রাত চারটার দিকে হাসপাতালে আনা হয়। তাঁর বুকে গুলি লেগেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী বলেন, সংঘর্ষের পর পুলিশের উপস্থিতিতে শিকড়ি গ্রামের সাইফুল ইসলাম ও সাইফুল হকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এরপর গতকাল দুপুরেও ওই গ্রামের মঈনউদ্দিন সরদার, আক্তার হোসেন সরদার, টুলু সরদার ও জমির হোসেনের ঘরে ভাঙচুর চালানো হয়।
এ ব্যাপারে সদর থানার ওসি গোলাম রহমান বলেন, উত্তেজিত জনতা এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
ওসি জানান, সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মনিরের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ডিবি জানায়, আহত কনস্টেবল আবদুর রহিমকে খুলনা আড়াই শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০০ বোতল ফেনসিডিল ও একটি শাটারগান উদ্ধার করেছে পুলিশ।