সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জাহাঙ্গীর আলম (২০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে শহরের রসুলপুর হাজীরবেড় এলাকার একটি আমবাগানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১৪৫টি ইয়াবা বড়ি ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

জাহাঙ্গীরের বাড়ি সাতক্ষীরা শহরের রসুলপুর মধুমোল্লারডাঙ্গি গ্রামে।

সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের ভাষ্য, ওই এলাকায় অবৈধ মাদকদ্রব্য বেচাকেনার খবর পেয়ে সদর থানার এসআই রাকিব হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। পুলিশও গুলি ছোড়ে। এতে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে আহত হন। অন্যরা পালিয়ে যায়। পরে জাহাঙ্গীরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জাহাঙ্গীরের বাবা মফিজুল ইসলাম সরদারের ভাষ্য, তাঁর ছেলে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত নন। তবে তিনি মাদকাসক্ত। গত শনিবার রাতে পুলিশ খুলনা মোড় এলাকা থেকে তাঁকে আটক করেন বলে তিনি শুনেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মাহবুবুর রহমানের ভাষ্য, ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় জাহাঙ্গীরকে গতকাল দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের ভাষ্য, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।