সাতক্ষীরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় চিংড়িঘের-মালিককে অপহরণে জড়িত সন্দেহে গ্রেপ্তার সাদ্দাম হোসেন (২৫) নামের এক ব্যক্তি গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন। তাঁর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার গাংনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাদ্দাম হোসেন যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের রবিউল ইসলামের ছেলে।
সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক এনামুল হকের ভাষ্যমতে, মো. আবদুস সেলিম নামের এক ঘেরমালিক গত সোমবার সকালে ভোমরা বন্দর এলাকা থেকে অপহৃত হন। পরের দিন রাতে যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কনস্টেবল বেলাল হোসেন এবং রবিউল ইসলাম, হাফিজুর রহমান ও তুহিন হোসেন নামের চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাতে যশোরের শার্শা উপজেলার বজ্রবক্স এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যমতে অস্ত্র উদ্ধারের জন্য তাঁকে সাতক্ষীরার ভোমরায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে রাত আড়াইটার দিকে গাংনিয়া সেতুর পাশে সাদ্দামকে ছিনিয়ে নেওয়ার জন্য তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ১০-১৫ মিনিট গুলিবিনিময়ের একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় সাদ্দাম হোসেন গুলিবিদ্ধ হন।