সাতক্ষীরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পূর্বকুলিয়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন (৩৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, আলমগীর ছিনতাইকারী দলের সদস্য। আলমগীরের দাবি, দুপুরে রাস্তা থেকে আটক করার পরে রাতে পুলিশ তাঁর পায়ে গুলি করে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আলমগীরের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে। বাবার নাম আব্দুল মুজিদ সরদার।
সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেনের ভাষ্য, দেবহাটা থানা-পুলিশ গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে খবর পায় মোটরসাইকেল ছিনতাইকারী দল একটি মোটরসাইকেল ছিনতাই করে পূর্বকুলিয়ার দিকে আসছে। পরে উপপরিদর্শক জাকারিয়া শেখের নেতৃত্বে পুলিশ কুলিয়া খালপাড়ে অবস্থান নেয়।
কামাল হোসেন আরও বলেন, রাত সোয়া তিনটার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজনকে যেতে দেখে পুলিশ থামতে বলে। এ সময় মোটরসাইকেল থেকে ছিনতাইকারী দলের সদস্যরা পুলিশকে লক্ষ করে বোমা বিস্ফোরণ করে ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ১০ থেকে ১২ মিনিট গুলিবিনিময়ের পর ছিনতাইকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় দুজন পুলিশ কনস্টেবল আহত হন বলে কামাল হোসেন দাবি করেছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ মণ্ডল বলেন, আলমগীরের বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেনের ভাষ্য, তিনি কালিগঞ্জের উজিরপুরের বাড়ি থেকে গতকাল সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথে বেলা একটার দিকে একজনের সঙ্গে দেখা করার জন্য কুলিয়ায় সেতুর পাশে অপেক্ষা করছিলেন। সেখান থেকে পুলিশ তাঁকে আটক করে। পরে রাতে পুলিশ তাঁর পায়ে গুলি করে হাসপাতালে নিয়ে যায়।
কালিগঞ্জের চাম্পাফুল ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফের ভাষ্য, আলমগীর মাদকাসক্ত। তাঁর বিরুদ্ধে আশপাশের বিভিন্ন গ্রামে চুরি করার অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেনের ভাষ্য, আলমগীর হোসেন একজন পেশাদার চোর ও মোটরসাইকেল ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে কালিগঞ্জ থানায় দুটি চুরির মামলাসহ জেলার অন্যান্য থানায় আরও কয়েকটি মামলা রয়েছে। গতকাল গভীর রাতে গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে একটি রামদা, দুটি রড, বিস্ফোরিত বোমার অংশবিশেষ ও একটি প্লাটিনাম ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।