সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
তাঁরা হলেন আশাশুনি উপজেলা সদরের শীতলপুর গ্রামের আলাল গাজী ওরফে আলাউদ্দীন গাজী ও শ্যামনগর উপজেলার ৯ নম্বরসোরা গ্রামের সাইদুল সরদার। পুলিশের দাবি, নিহত দুজনই বনদস্যু। স্বজনদের দাবি, পুলিশ তাঁদের বিকেলে ও সন্ধ্যায় আটক করে। পরে রাতে গুলিতে তাঁরা নিহত হন।
নিহত আলাল গাজীর (৪০) স্ত্রী হালিমা খাতুন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীর নামে একটি ডাকাতির মামলা ছিল। আলাল কয়েক দিন বাড়িতে ছিলেন না। লোকজনের কাছে জানতে পারেন, পুলিশ সোমবার বিকেলে তাঁকে ধরে নিয়ে গেছে। গতকাল ভোরে খবর পান পুলিশের গুলিতে তাঁর স্বামী মারা গেছেন।
সাইদুল সরদারের (৩৫) স্ত্রী নছিরন বিবি বলেন, তিনি শুনেছেন তাঁর স্বামীকে পুলিশ বনদস্যু সন্দেহে উপজেলার ভেটখালী এলাকা থেকে সোমবার সন্ধ্যায় আটক করে। গতকাল ভোরে একজন মুঠোফোনে তাঁকে জানান, তাঁর স্বামী পুলিশের ওপর হামলা করার সময় গুলিতে মারা গেছেন। লাশ শ্যামনগর থানায় রয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতেবলা হয়েছে, উপজেলার বড়কুপুট এলাকায় খোলপেটুয়া নদীর ধারে ডাকাতির উদ্দেশ্যে ১০ থেকে ১২ জন বনদস্যুর একটি দল সুন্দরবনে ঢোকার জন্য অপেক্ষা করছে—এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে একদল পুলিশ ওই এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পাশের একটি ইটভাটায় অবস্থান নেয়। পুলিশ তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ১০ থেকে ১২ মিনিট গোলাগুলির পর বনদস্যুরা নৌকায় করে সুন্দরবনের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত আলাল সুন্দরবনের বনদস্যু আলাল বাহিনীর প্রধান এবং সাইদুল ওই বাহিনীর দ্বিতীয় প্রধান। আলালের বিরুদ্ধে একটি অস্ত্র মামলাসহ তিনটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। বনদস্যুদের গুলিতে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান, এসআই আবদুল কাদের ও কনস্টেবল সোনা মিয়া আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গোপাল বিশ্বাস বলেন, দুজনের বুকসহ শরীরের একাধিক স্থানে ক্ষত রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাঁদের মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় একটি ও অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।