পরিবারের দাবি, বাস থেকে নামিয়ে নেওয়া হয়
সাতক্ষীরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বিএনপি নেতা নিহত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা (৪০) নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তবে অলিউল্লাহর পরিবার বলছে, বাসে ঢাকায় যাওয়ার পথে পুলিশ তাঁকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পরে গুলিতে নিহত হন তিনি।
সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের ভাষ্যমতে, শ্যামনগর থানার এসআই সুধাংশু কুমার মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল গত শনিবার রাত সাড়ে তিনটার দিকে কাশিমারি ইউনিয়নের গাংহাটি চোরাখাল কালভার্ট এলাকায় টহল দিচ্ছিল। এ সময় কয়েকটি মোটরসাইকেলে কয়েকজনকে দ্রুত যেতে দেখে পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু তাঁরা না থেমে উল্টো পুলিশের ওপর বোমা ও গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ পড়ে যান। অন্যরা পালিয়ে যান। পুলিশের বক্তব্য, গুলিবিদ্ধ ব্যক্তিকে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তিকে অলিউল্লাহ বলে শনাক্ত করা হয়। তিনি শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ বলেছে, অলিউল্লাহ নাশকতার মামলার পলাতক আসামি ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, নাশকতা, চাঁদাবাজি, প্রতারণাসহ ১৩টির মতো মামলা রয়েছে। তিনি একটি সন্ত্রাসী বাহিনীর নেতা ছিলেন।
তবে বড় ভাই হাবিবুল্লাহ মোল্লা বলেন, অলিউল্লাহ দীর্ঘদিন ধরে ঢাকায় শ্রমিক সরদারের কাজ করতেন। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে কালীগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন। দেবহাটার পারুলিয়া এলাকায় বাস থেকে পুলিশ তাঁকে নামিয়ে নিয়ে যায়। রাত সাড়ে তিনটার দিকে গাংহাটি চোরাখাল কালভার্ট এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে লোক মারফত জানতে পারেন তাঁর ভাই নিহত হয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের দাবি, বন্দুকযুদ্ধে সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল মো. শহীদ আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, বিস্ফোরিত বোমার অংশবিশেষ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
ওসি জানান, ময়নাতদন্তের পর অলিউল্লাহর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।