সাতক্ষীরায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনুল হককে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাত আটটার দিকে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি  জেলা যুবদলের সাধারণ সম্পাদক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, আইনুল হক সাতক্ষীরা জেলা মত্স্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি এ মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি আদালতে আত্মসমর্পণ করেননি অথবা নতুন করে জামিন নেননি। তাই আজ রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে শহরের শিল্পকলা একাডেমীতে সাতক্ষীরা জেলা বিএনপির কর্মী সম্মেলন শুরু হয়। এর পরপরই কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলমের উপস্থিতিতে বিএনপির প্রতিপক্ষের হামলায় আমানউল্লাহ আমান নিহত হন। এ ঘটনায় ওই দিন রাতে আমানউল্লাহর মা ফাতেমা খাতুন ৫৪ জনের নাম উল্লেখসহ মোট ১০৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আইনুল হক ওই মামলার ২ নম্বর আসামি।