সাতক্ষীরায় প্রধান শিক্ষক লাঞ্ছিত?
সাতক্ষীরা সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও যুবলীগের স্থানীয় নেতা গত রোববার এ ঘটনা ঘটিয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সমাবেশ ও মানববন্ধন করা হয়। দুপুরে সদর উপজেলার হাওয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে মানবতা-তরুণ সংঘের সভাপতি আলাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শফিউর রহমান, সহকারী শিক্ষক দেবাশীষ চ্যাটার্জি, নিমাই সরকার, সাবিনা ইয়াছমিন প্রমুখ। বক্তারা বলেন, রোববার বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম ক্ষুব্ধ হন। এর জেরে তিনি প্রধান শিক্ষককে গালাগাল করেন। একপর্যায়ে চেয়ার তুলে মারতে উদ্যত হন। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। এ পরিপ্রেক্ষিতে সভাপতিকে শিগগিরই অপসারণ করতে হবে। তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষকে আইনি ব্যবস্থা নিতে হবে।
তবে অভিযোগ অস্বীকার করে খোরশেদ আলম বলেন, ‘প্রধান শিক্ষক শফিউরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব নিয়ে জানতে গেলে শফিউরই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এখন সভাপতির পদ থেকে তাঁকে অপসারণের উদ্দেশ্যে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।’