সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরায় জামায়াতের কর্মীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার ভোর পাঁচটার মধ্যে সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) কুমকুম বেগম বলেন, সদর থানায় ১০ জন, কলারোয়ায় সাতজন, দেবহাটায় পাঁচজন, শ্যামনগরে পাঁচজন, তালায় দুজন, কালীগঞ্জে দুজন, আশাশুনিতে দুজন ও পাটকেলঘাটায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমকুম বেগম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জামায়াতে ইসলামীর দুজন কর্মী রয়েছেন। অন্যদের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছে পুলিশ। চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীর হত্যাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে গতকাল পুলিশ সদর দপ্তরে দীর্ঘ বৈঠকের পর এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।