সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরি হয়েছে। চোরেরা ওই বাড়ি থেকে সাত ভরি স্বর্ণালংকার এবং ১৩ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের মুনজিতপুর
এলাকায় একাডেমি মসজিদের পাশে ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। আসাদুজ্জামান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাগআঁচড়া শাখার ব্যবস্থাপক।
আসাদুজ্জামান জানান, তিনি ও তাঁর স্ত্রী শুক্রবার রাত ১২টার দিকে ঘুমিয়ে পড়েন। রাতে বাড়ির পেছনের দিকের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে চোরেরা। এরপর তারা দুটি স্টিলের আলমারি ভেঙে সাত ভরি স্বর্ণালংকার এবং ১৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়। গতকাল ভোরে ঘুম থেকে উঠে তাঁরা বিষয়টি জানতে পারেন। তাঁদের ধারণা, চোরেরা ভেতরে ঢুকে অচেতন করার কোনো স্প্রে ব্যবহার করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোর ধরার চেষ্টা করা হচ্ছে।