সাতক্ষীরায় ভুয়া ডিজিএফআই সদস্য আটক
সাতক্ষীরায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে বিষ্ণুপদ সরকার নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর থানার ভোমরা বন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
সাতক্ষীরার ৩৮ বিজিবির ভোমরা ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, বিষ্ণুপদ সরকার বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজেকে ডিজিএফআইয়ের এসএসআই পরিচয় দিয়ে ভোমরা বিজিবি ক্যাম্পে আসেন। তাঁর পরিচয়ে সন্দেহ হলে সাতক্ষীরায় কর্মরত ডিজিএফআইয়ের একজন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষ্ণুর পরিচয়পত্রটি ভুয়া বলে শনাক্ত করেন। পরে বিষ্ণুকে আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, বিষ্ণুপদের বাড়ি সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকায়। তিনি দীর্ঘদিন প্রতারণা করে আসছেন। এ ব্যাপারে ভোমরা বিজিবি ক্যাম্পের হাবিলদার জানে আলম মামলা করেছেন। এর আগে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দুটি মামলাও রয়েছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।