সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা চাওয়ার জের ধরে সাতক্ষীরা সদর উপজেলায় আবুল কালাম আজাদ (৭০) নামের এক মুক্তিযোদ্ধাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভোরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আবুল কালাম আজাদের বাড়ি সদর উপজেলার ঘোনা গ্রামে। এ ঘটনায় আবুল কালামের ছেলে আক্তারুল ইসলাম সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন। তাঁদের বাড়িও ঘোনা গ্রামে।
নিহত মুক্তিযোদ্ধার ছেলে তুহিন আলম বলেন, ঘোনা মোবারকপুর মোড়ে তাঁর (তুহিন) বড় ভাই আক্তারুল ইসলামের রড-সিমেন্টের দোকান রয়েছে। তিন মাস আগে ওই দোকান থেকে বাকিতে প্রতিবেশী একরামুল ইসলাম চার হাজার টাকার মালামাল নেন। সোমবার রাত আটটার দিকে দোকানের সামনে দিয়ে একরামুল ও তাঁর তিন ভাই যাচ্ছিলেন। বাবা আবুল কালাম তাঁদের কাছে বকেয়া টাকা চান। বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে একরামুল তাঁর বাবার চুল ধরে বুকে ঘুষি মারেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। ওই রাতেই তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। পরে তাঁর ভাই সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।
হাসপাতালের চিকিৎসক ইকবাল মাহমুদ বলেন, সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে আবুল কালামকে হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের কারণে বুকে ব্যথা লেগেছে বলে রোগীর সঙ্গে থাকা লোকজন উল্লেখ করেছিলেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ইনামুল হক বিশ্বাস বলেন, আবুল কালাম একজন মুক্তিযোদ্ধা। পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবুল কালামকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি শুনেছেন।
এ ঘটনায় পুলিশ গতকাল ভোরে একরামুলের ভাই মোমিনুল ইসলাম, ভাতিজা মুন্না হোসেন, প্রতিবেশী আবদুল ওয়াদুদ ও তাঁর ছেলে মো. জনিকে গ্রেপ্তার করেছে।
সাতক্ষীরা সদর থানায় গতকাল গ্রেপ্তার হওয়া মোমিনুল ইসলাম বলেন, তাঁর ভাই একরামুলের কাছে আক্তারুল চার হাজার টাকা পাবেন। বিষয়টি নিয়ে আক্তারুলের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়েছিল। কিন্তু আবুল কালাম আজাদ কখন অসুস্থ হয়েছেন এবং মারা গেছেন তা তাঁরা জানেন না। গতকাল ভোরে বাড়ি থেকে তাঁদের পুলিশ তুলে নিয়ে এসেছে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।