সাতক্ষীরার কলারোয়ায় এক কলেজশিক্ষকের বাসায় পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই শিক্ষকের স্ত্রী ও দুই শিশুসন্তান গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গত বুধবার দিবাগত রাত একটার দিকে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের খলিলুর রহমানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। খলিলুর কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক।
দগ্ধ ব্যক্তিরা হলেন খলিলুরের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫) ও দুই ছেলে তানভীর রহমান (১২) ও আসাদ হোসেন (৭)। হামলায় জড়িত সন্দেহে খলিলুর রহমানের ভাই তবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।
খলিলুর রহমানের ভাষ্য অনুযায়ী, তিনি বুধবার রাতে স্ত্রী ও ছেলেদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। তিনি ছিলেন ঘরের মেঝেতে, স্ত্রী-ছেলেরা খাটের ওপর। রাত একটার দিকে বিকট শব্দ শুনে উঠে দেখেন ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। প্রতিবেশীদের সহযোগিতায় স্ত্রী ও ছেলে দুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খলিলুরের দাবি, পেট্রলবোমা ছুড়ে হামলাকারীরা তাঁদের হত্যা করতে চেয়েছিল।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মারুফ হাসান বলেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের প্রত্যেকের শরীরের ৬০-৭০ ভাগ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পেট্রলবোমা না কেরোসিন ছুড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হামলায় জড়িত সন্দেহে খলিলুর রহমানের ভাই তবিবুরকে আটক করা হয়েছে। এ ঘটনায় গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত কোনো মামলা হয়নি।
সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ হাসপাতালে অগ্নিদগ্ধ ব্যক্তিদের দেখতে যান।