সাতক্ষীরায় শিক্ষিকাকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামে বেতনের টাকা স্বামীকে না দেওয়ায় গত বুধবার এক স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একই দিন ফরিদপুর সদর উপজেলার মহিলা রোড বাজার এলাকায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
সাতক্ষীরায় নিহত শিক্ষিকার নাম নাফিজা খাতুন (২৫)। তিনি আলীপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী। ফরিদপুরে গুলিবিদ্ধ ব্যক্তির নাম শেখ সেলিম (৩৫)। তাঁর বাড়ি নগরকান্দা উপজেলার কোনাগ্রামে।
নিহত নাফিজা খাতুনের চাচা শহিদুল ইসলাম বলেন, নাফিজা ব্র্যাক পরিচালিত স্কুলে শিক্ষকতা করতেন। বুধবার তিনি জমানো ৫০ হাজার টাকা স্বামীকে না দিয়ে দুই মেয়ের নামে ব্যাংকে জমা রাখেন। এ কারণে স্বামী ও শ্বশুর তাঁকে নির্যাতন করেন। একপর্যায়ে রাতে তাঁকে শ্বাসরোধে হত্যা করে শোবার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
মোখলেছুর রহমান বলেন, তাঁর স্ত্রীকে নির্যাতন করা হয়নি। নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে নাফিজা আত্মহত্যা করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শেখ সেলিম বলেন, বুধবার দুপুরে তিনি মহিলা রোড বাজার এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় এক যুবক কয়েকটি নাট কেনার কথা বলে দোকানে এসে তাঁকে গুলি করে অপেক্ষমাণ মোটরসাইকেলে করে অপর দুই যুবকের সঙ্গে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।