সাতক্ষীরায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত মুজিবর রহমান (৫৩) মারা গেছেন। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মুজিবর রহমান সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের আফসার উদ্দিন সরদারের ছেলে। গত শুক্রবার সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হন।
সাতক্ষীরার একটি ক্লিনিকে চিকিৎসাধীন আনিছুর রহমান জানান, ২০১৫ সালের মার্চে তাঁর চাচা মুজিবর রহমান ও আজিজুর রহমান গোবরদাড়ি গ্রামের তবিবুর রহমানের কাছ থেকে আট শতক জমি কিনে চাষাবাদ করে আসছেন। শুক্রবার সকালে তবিবুর ও তাঁর ভাই মিজানুর রহমানের নেতৃত্বে সাত-আটজন ওই জমিতে ধান রোপণ করতে যান। এ সময় বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মুজিবর রহমানসহ আটজন আহত হন। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মুজিবর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
তবিবুর রহমান দাবি করেন, তিনি জমি বিক্রি করেছেন আট শতক। কিন্তু মুজিবর রহমান তাঁদের ২১ শতক জমি দখল করে রেখেছেন। ওই জমিতে ধান রোপণ করতে গেলে মুজিবর রহমানের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় তাঁদের পাঁচজন আহত হন।