সাতক্ষীরায় সীমান্তের কাছে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলায় সীমান্তের কাছ থেকে মুকুল সরদার (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গ্রামের কয়েকজনের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিনি মারা গেছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, বিএসএফ এ ধরনের ঘটনার কথা অস্বীকার করেছে।

নিহত মুকুল সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের বাসিন্দা ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে হাওয়ালখালী গ্রামের দুজনের ভাষ্য, মুকুল সরদার কয়েকজনের সঙ্গে শুক্রবার দুপুরের পর গরু আনতে অবৈধভাবে ভারতে যান। শনিবার ভোর চারটার দিকে গরু নিয়ে ভারতের বসিরহাট থানার দুবলি মাঠে পৌঁছালে খলশে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি করে। মুকুলের তলপেটের নিচে গুলি লাগলে তিনি ঘটনাস্থলে মারা যান। সঙ্গে থাকা অপর সঙ্গীরা তাঁর লাশ নিয়ে সীমান্ত পার হয়ে একটি বেড়িবাঁধের উপর লাশটি রেখে পালিয়ে যান। এর পরের ঘটনা সম্পর্কে তাঁরা আর কিছু জানেন না বলে উল্লেখ করেন।

১৯ ঘণ্টা পর গতকাল শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার কুশখালী সীমান্তের বাঁধহিলকি বিলের পাকা সড়কের পাশ থেকে মুকুলের লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ। তিনি বলেন, মুকুলের তলপেটের নিচে গুলির চিহ্ন ছিল। লাশটি খেঁজুর গাছের পাতা দিয়ে তৈরি পাটি দিয়ে বাঁধা ছিল। লাশটি পচে গন্ধ বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে, কোথাও লাশটি লুকিয়ে রাখা হয়েছিল। লাশটি সীমান্ত থেকে বাংলাদেশের তিন কিলোমিটার ভেতরে উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের জন্য লাশটি আজ রোববার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের শ্বশুর কুশখালী গ্রামের আবদুল খালেক বলেন, তাঁর মেয়ের জামাই গরু ব্যবসা করতেন। কখন গরু আনতে তিনি ভারতে গিয়েছিলেন, তা তাঁরা জানতেন না। বিএসএফের গুলিতে মুকুল নিহত হয়েছে বলে তিনি লোকমুখে শুনেছেন। শনিবার সারাদিন লাশের সন্ধান করে পাওয়া যায়নি। রাতে লাশটি পুলিশ উদ্ধার করে।

এ ব্যাপারে ৩৮ বিজিবির কুশখালী ক্যাম্পের নায়েক সুবেদার বেলাল হোসেন বলেন, মুকুল সরদার নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু পুলিশ তাদের কিছু জানায়নি।

সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক মেজর নজির আহমেদ বকশীর দাবি, একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে সীমা‌ন্তে বাংলাদেশের অনেক ভেতর থেকে। তাঁর শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে। এ ব্যাপারে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে বলা হয়েছে, এ ধরনের কোনো ঘটনা শনিবার ভোরে সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ঘটেনি। কীভাবে মুকুলের মৃত্যু হয়েছে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।