সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলায় এক স্কুলশিক্ষিকার ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার আলীপুর গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, ওই স্কুলশিক্ষিকা তাঁর বেতন থেকে জমানো টাকা না দেওয়ায় স্বামী ও শ্বশুর মিলে তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলিয়ে রাখেন।

নিহত স্কুলশিক্ষিকার নাম নাফিজা খাতুন ওরফে ময়না (২৫)। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নাফিজার চাচা শহিদুল ইসলাম অভিযোগ করেন, নাফিজা ব্র্যাক পরিচালিত স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন। গতকাল তিনি বেতন থেকে জমানো ৫০ হাজার টাকা দুই যমজ মেয়ের নামে ব্যাংকে জমা রাখেন। স্বামী মোখলেছুর রহমানকে এই টাকা না দিয়ে ব্যাংকে জমা রাখায় তাঁর ওপর ক্ষিপ্ত হন তিনি। স্বামী ও শ্বশুর মিলে তাঁর ওপর নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তাঁরা গভীর রাতে নাফিজাকে শ্বাসরোধে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলিয়ে রাখেন। পরে মোখলেছ নাফিজা আত্মহত্যা করেছেন বলে প্রচার চালান। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গিয়ে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেন।
মোখলেছুর রহমানের ভাষ্য, নাফিজাকে তিনি কোনো নির্যাতন করেননি। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তিনি আত্মহত্যা করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, ময়নাতদন্তের জন্য স্কুলশিক্ষিকার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করবেন।