সাতক্ষীরায় স্বামীর হাতে স্ত্রী, ছেলের হাতে বাবা খুন
স্বামীর অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ স্বামী বিজন মণ্ডলকে গ্রেপ্তার করেছে। নিহত গৃহবধূর নাম কঙ্কাবতী মণ্ডল। তিনি একই ইউনিয়নের ফকরাবাদ গ্রামের অনিল মণ্ডলের মেয়ে। এদিকে সদর উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আকবর আলী (৬০)।
নিহত কঙ্কাবতী মণ্ডলের (৩৮) বাবা অনিল মণ্ডল জানান, ২০ বছর আগে আশাশুনির বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের বিজন মণ্ডলের সঙ্গে তাঁর মেয়ে কঙ্কাবতীর বিয়ে দেন। সম্প্রতি বিজন মণ্ডল তাঁর বাড়ির পাশে একটি মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাড়ি আসেন বিজন। এ নিয়ে বিজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনিকঙ্কাবতীকে মারপিট করেন। এতে কঙ্কাবতী অসুস্থ হয়ে পড়লে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজন তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় বিজন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কঙ্কাবতীর বাবা অনিল মণ্ডল মামলা করবেন বলে জানিয়েছেন।
সাতক্ষীরায় নিহত আকবর আলী পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। রোববার ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামে ঘটনাটি ঘটে। তাঁর ছেলে আবদুস সালামও একই পেশায় যুক্ত।
প্রতিবেশী সুবীর ঘোষ বলেন, বাবা ও ছেলের মধ্যে টাকা লেনদেন-সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার রাতে তারাবির নামাজ শেষে ঝগড়া হয়। ছেলের কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আবদুস সালাম বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে বাড়িতে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
নিহত আকবর আলীর মেয়ে রমেশা খাতুন জানান, তাঁর বাবার সঙ্গে ভাই আবদুস সালামের শনিবার দিবাগত রাত আটটার দিকে কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে ধাক্কা দিলে বাবা পড়ে গিয়ে আহত হন। গতকাল ভোরে তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আকবর আলীর মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আবদুস সালাম পলাতক রয়েছেন।