সাতক্ষীরায় 'অ্যাসিডে' পুলিশ কর্মকর্তার স্ত্রী ও শাশুড়ি দগ্ধ
সাতক্ষীরায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিড-জাতীয় তরলে দগ্ধ হয়েছেন এক পুলিশ কর্মকর্তার স্ত্রী। ওই কর্মকর্তার শাশুড়িও কিছুটা ঝলসে যান। গত শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ছয়আনি মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে।
দগ্ধ দুজন হলেন শারমিন সুলতানা রিমা এবং তাঁর মা ফাতেমা বেগম। শারমিনের স্বামী টিপু সুলতান ঝালকাঠির রাজাপুর থানার উপপরিদর্শক।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, তাঁরা দুজন অ্যাসিড নাকি অন্য কোনো দাহ্যপদার্থে দগ্ধ হয়েছেন, তা পরীক্ষা না করে বলা যাবে না।
টিপু সুলতান মুঠোফোনে জানান, তাঁর স্ত্রীকে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, স্ত্রীর খালাতো ভাই আবদুল্লাহ প্রায়ই তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করতেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ হোসেন বলেন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।