সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' একজন গুলিবিদ্ধ
সাতক্ষীরায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (২৫) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার গাংনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও দুটি রাম দা উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন যশোর জেলার শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের রবিউল ইসলামের ছেলে।
সাতক্ষীরা ডিবির পরিদর্শক ইনামুল হকের ভাষ্য, গত সোমবার সকালে ভোমরা বন্দর এলাকা থেকে চিংড়িরঘের ব্যবসায়ী মো. আব্দুস সেলিম অপহৃত হন। পরদিন গভীর রাতে যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, গতকাল বুধবার রাতে শার্শা উপজেলার বজ্রবক্স এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে তাঁকে ভোমরায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে রাত আড়াইটার দিকে গাংনিয়া সেতুর পাশে সাদ্দামকে ছিনিয়ে নিতে তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সাদ্দাম গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা পরিমল কুমার বিশ্বাস জানান, গতকাল রাত তিনটা ১০ মিনিটে হাসপাতালে আনা হয় সাদ্দামকে। তাঁর ডান পায়ে হাঁটুর নিচে গুলি লেগেছে। তিনি আশঙ্কামুক্ত।