সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রহিমাবাদ এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা ডাকাত দলের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে নিহত দুজনেরই পরিবারের সদস্যরা দাবি করেছেন, ‘বন্দুকযুদ্ধের’ আগেই ওই দুজনকে পুলিশ আটক করেছিল বলে তাঁরা শুনেছেন।
নিহত দুজন হলেন উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের কানাই বাছাড়ের ছেলে বিদ্যুৎ কুমার বাছাড় (৪৬) এবং সুজনশাহ গ্রামের মনির শেখের ছেলে তালহা শেখ (২৬)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমানের ভাষ্যমতে, থানার উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন ও নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাতে নিয়মিত টহলে ছিল। হঠাৎ তাঁরা জানতে পারেন, রহিমাবাদ গ্রামের লক্ষ্মণ দাসের আমবাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। রাত সোয়া তিনটার দিকে টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাতেরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশির সময় দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। পরে স্থানীয় লোকজন ওই দুজনকে বিদ্যুৎ ও তালহা বলে শনাক্ত করেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, চারটি ককটেল, দুটি গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
ওসি হাফিজুর রহমান বলেন, বিদ্যুৎ বাছাড় নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এম জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। তবে পরে তিনি ডাকাতি এবং ভাড়ায় মানুষ হত্যার সঙ্গে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে পাঁচটি ডাকাতি, চারটি অস্ত্র মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তালহার নামেও সহিংসতার অভিযোগে একটি মামলা রয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে লাশ দুটির ময়নাতদন্ত হয়েছে। তবে তাঁদের লাশ নিতে কেউ যোগাযোগ করেনি। এ ঘটনায় এসআই মোজাফ্ফর হোসেন ডাকাতির চেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য এবং পুলিশের হামলার অভিযোগে তিনটি মামলা করেছেন। মামলায় নিহত দুজনসহ অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।
রহিমাবাদ গ্রামের বাসিন্দা দেবাশীষ দাস ও নজরুল ইসলাম বলেন, তাঁরা রাত তিনটার দিকে কয়েকটি গুলির শব্দ শুনতে পান। সকালে শোনেন দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
নিহত বিদ্যুৎ বাছাড়ের বোন কল্যাণী বাছাড় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তালার সুজনশাহ এলাকা থেকে শনিবার সন্ধ্যায় পুলিশ বিদ্যুৎকে আটক করে বলে তাঁরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন। এরপর গতকাল সকালে শোনেন, তিনি গুলিতে নিহত হয়েছেন।
তালহা শেখের চাচা মনিরুল ইসলাম বলেন, তাঁর ভাইপো মাদকাসক্ত ছিলেন। কিছুদিন আগে সাতক্ষীরা কারাগার থেকে মুক্তি পান তিনি। মনিরুলের দাবি, ঋষিপাড়া এলাকার একটি বাড়ি থেকে বুধবার রাতে তালহাকে পুলিশ আটক করে বলে তাঁরা জানতে পারেন। গতকাল সকালে শোনেন তালহা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।