পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে কথিত এই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম অলি উল্লাহ মোল্লা (৩৬)। তাঁর বাড়ি কাশিমাড়ির জয়নগর গ্রামে। বাবার নাম একরামুল হক মোল্লা। অলি উল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।

অলি উল্লাহর চাচা শাহজাহান আলীর দাবি, অলি উল্লাহ দীর্ঘদিন ধরে ঢাকায় শ্রমিকের কাজ করতেন। তিনি গতকাল রাতে বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। দেবহাটার পারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকালে পুলিশ বলছে, অলি উল্লাহ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেনের ভাষ্য, শ্যামনগর থানার পুলিশের একটি দল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কাশিমাড়ি ইউনিয়নের গাংহাটি চোরাখাল কালভার্টের ওপর টহল দিচ্ছিল। এ সময় একদল লোক কয়েকটি মোটরসাইকেলে করে দ্রুত যাচ্ছিল। তাদের থামার সংকেত দেওয়া হয়। তারা তা অমান্য করে পুলিশের ওপর গুলি ও বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তাঁকে শনাক্ত করা হয়।

কামাল হোসেনের ভাষ্যমতে, এই ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, একটি শাটার গান ও বিস্ফোরিত বোমার কিছু অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, অলি উল্লাহর বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। তিনি স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর নেতা ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, অলি উল্লাহর লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।