সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধ' যুবক গুলিবিদ্ধ
সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহিন সরদার নামের এক যুবক দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। শাহিনের বাড়ি উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামে। পুলিশের দাবি, তিনি একজন পেশাদার ছিনতাইকারী।
পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (তথ্য কর্মকর্তা) কামাল হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে কালীগঞ্জ উপজেলার চাতড়ার মোড়ে কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা নির্মল ঘোষের ছয় লাখ টাকা ছিনতাই হয়। পালানোর সময় শাহিনকে চার লাখ ৭৯ হাজার ৮০০ টাকাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় নির্মল ঘোষ থানায় শাহিনসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন।
উপপরিদর্শক কামাল হোসেন বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট টাকা উদ্ধারের উদ্দেশে শাহিনকে নিয়ে রাত দেড়টার দিকে কৃষ্ণনগর এলাকায় যায় পুলিশ। সেখানে শাহিনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। গোলাগুলিতে শাহিন দুই পায়ে গুলিবিদ্ধ হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুদেষ্ণা সরকার বলেন, শাহিনের বাঁ পায়ের হাঁটুর নিচে ও ডান পায়ের হাঁটুর ওপরে গুলি বিদ্ধ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
শাহিনের স্ত্রী মাসুরা বেগম বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে যশোর জেলা শহরের খড়কি এলাকায় বাস করছেন। গত বুধবার এক বন্ধুর ফোন পেয়ে তাঁর স্বামী গ্রামের বাড়ি কালীগঞ্জে যান। পরদিন তিনি জানতে পারেন পুলিশ তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে। গতকাল জানতে পারেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ সরকার বলেন, শাহিন একজন পেশাদার ছিনতাইকারী। তিনি একটি ডাকাতি মামলার আসামি। পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ-থেকে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।